আমাদের ভারত, ১২ ডিসেম্বর: ডায়মন্ডহারবারের শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে মার খেয়েছে দলের কর্মীরা। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তারপর যারা মার খেয়েছে তার বিরুদ্ধেই কেস দিয়েছে, আজ হাজারার সভা থেকে এই অভিযোগ তুলে রাজ্য পুলিশকে দলদাস পুলিশ বলে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, এরাজ্যের পুলিশ যারা পা চাটেন তারা মাথা থেকে অশোক স্তম্ভ নামিয়ে হাওয়াই চটি লাগাক।
সুকান্ত মজুমদার বলেন, ডায়মন্ড হারবারের সভার অনুমতি দেওয়া হয়নি। আদালতে যাওয়ার পর সভার অনুমতি পেয়েছিলাম। আর সেই সভায় যাওয়ার পথে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। আর দলের যে সমস্ত কর্মীরা মার খেয়েছে তাদের বিরুদ্ধেই কেস দিয়েছে পুলিশ। সুকান্ত মজুমদার বলেন, “এরকম ফুলিশ পুলিশ আমরা গোটা ভারতবর্ষে কোথাও দেখিনি। এরা ভারতের সংবিধানকে সামনে রেখে মাথায় অশোক স্তম্ভ লাগিয়ে ঘুরে বেড়ায়। আমি বলব যারা পা চাটার কাজ করছেন, এই ধরনের পুলিশ অশোক স্তম্ভ নামিয়ে দিন। হাওয়াই চটি লাগিয়ে ঘুরে বেড়ান। তাহলে আপনাদের প্রকৃত দলদাস মনে হবে।”
এদিন দক্ষিণ ২৪ পরগণায় বকুলতলা হাটে তার গাড়িতে হামলার ঘটনার সম্পর্কে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, লাঠি দিয়ে গাড়ি ঘিরে গাড়িতে ভাঙ্গচুর চালানোর চেষ্টা হল। প্রতিটি গাড়িতে হামলা করা হয়েছে। উদ্দেশ্য আমাদের কর্মীদেরকে মারা।” তিনি বলেন, একজন সুকান্ত মজুমদারকে হত্যা করে লাভ নেই, তাকিয়ে দেখুন হাজার হাজার সুকান্ত মজুমদার লড়াইয়ের ময়দানে নেমে গেছে।

