নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: মনোজ তিওয়ারির পাল্টা অশোক দিন্দাকে দলে নিল রাজ্য বিজেপি। বুধবার কলকাতায় লেবুতলা পার্কে শুভেন্দু অধিকারীর জনসভায় ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার বিজেপিতে যোগদান করলেন। রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন।
প্রসঙ্গত, আজ হুগলীতে মুখ্যমন্ত্রীর জনসভায় প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূলে যোগদান করেছেন। তারপরেই বিকেলে অশোক দিন্দা বিজেপির পতাকা ধরলেন। মনোজ তিওয়ারি যেমন বাংলা থেকেই ভারতীয় দলে খেলেছেন। তেমনি অশোক দিন্দাও বাংলা থেকেই ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন। তবে দুজনেই ভারতীয় দলে বেশিদিন জায়গা ধরে রাখতে পারেননি।

বিজেপিতে যোগদান করার পরে অশোক দিন্দা বলেন, আমি অনেকদিন ধরেই শুভেন্দু অধিকারীর ফ্যান। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীকে আমার ভালো লাগে। বিজেপিকেউ আমার ভালো লাগে। সমাজের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। তাই সমাজকে কিছু ফিরিয়ে দিতেই বিজেপিতে যোগদান করলাম। বাংলার পরিবর্তনের জন্য আমি রাজনীতিতে সময় দেব। বিজেপি বাংলার আসল পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।

