আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ মার্চ : ময়না বিধানসভার বিজেপি প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দার উপরে হামলা হয় আজ বিকেলে ময়না বাজারে। ভাঙ্গচুর করা হয় তাঁর গাড়ি। ছোড়া ইটের আঘাতে আহত অশোক হন দিন্দা। সঙ্গে থাকা এক কর্মীর অবস্থা আরও গুরুতর। অভিযোগের তির তৃণমূলের দিকে।

আজ বিকেল চারটে নাগাদ ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দা প্রচার সেরে বাড়ি ফেরার সময় তৃণমূলের একটি রোড শোর মুখোমুখি হন। সেই সময় ময়না বাজারে তৃণমূলের একটি রোড শো চলছিল। সেই রোড শোকে পাশ কাটানোর সময় এক দল তৃণমূল সমর্থক তাঁর গাড়ি ঘিরে ধরে ভাঙ্গচুর চালায়। গাড়িতে ইঁটপাটকেল ছোঁড়ে। ইঁটের আঘাতে আহত হয়েছেন ক্রিকেটার অশোক দিন্দা। ছোঁড়া ইঁটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙ্গে চুরে একাকার হয়ে যায়। অশোক দিন্দার সঙ্গে এক বিজেপি কর্মীর সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত হয়েছেন ওই কর্মী। কোনও রকমের সিটের তলায় লুকিয়ে প্রাণ বাঁচান অশোক দিন্দা। এরপর গাড়ি নিয়ে এলাকা থেকে বেড়িয়ে এসে প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছেন অশোক দিন্দা।

অশোক দিন্দার সঙ্গে থাকা এক কর্মী গুরুতর আহত হওয়ায় প্রথমে তাকে ময়না হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে অবস্থার অবনতি হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই কর্মী এখনও তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর বিডিও অফিসে গিয়ে বিডিও মারফত নির্বাচন কমিশনে অভিযোগ জানান অশোক দিন্দা। নির্বাচন কমিশন পুরো ঘটনার তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই ব্যপারে ময়না থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে দলের পক্ষ থেকে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার জেরে ময়না এলাকা থমথমে।

