শিস দিয়ে গানের সুর তুলে ফুলিয়ার ঘরে ঘরে পরিচিত আশিস মহলদার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ এপ্রিল: পেশায় মুদি ব্যবসায়ী, বৃদ্ধা মা, বউ ছেলে মেয়ে নিয়ে সংসার। ছোটবেলা থেকেই শিস দিয়ে সুর তোলা শুরু করে আজও ধরে রেখেছেন এই যুবক।

আশিস মহলদার, বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া জীবনানন্দ কলোনিতে। ছোটবেলায় শিস দেওয়ার জন্য কপালে জুটে ছিল মার।আর সেই থেকেই মনে মনে ঠিক করা যে, এই শিসকেই মাধ্যম করে আমি জীবনে নিজেকে প্রতিষ্ঠা করব। মনের সেই সুপ্ত বাসনার জন্যই আজ ফুলিয়ায় তার নাম ঘরে ঘরে। হ্যাঁ, ফুলিয়ার আশীষ মহলদারের শিস দিয়ে গান আজ মুগ্ধ হয়ে শোনে আট থেকে আশি সক্কলে। বাড়িতে গান বাজনার রেওয়াজ ছিলই, আর সেই গানই কিভাবে শিস দিয়ে নিখুঁত ভাবে পরিবেশন করা যায় সেই চেষ্টাই প্রতিদিন করতো কৃত্তিবাসের দেশের জীবনানন্দ কলোনীর আশীষ।

আজ তিনি অনর্গল শিস দিয়ে গান গেয়ে যান। সে পুরোনো বাংলা গানই হোক অথবা হিন্দি কিংবা লোকগীতি পল্লীগীতি হোক। এজন্য তিনি হারমোনিয়াম বাজিয়ে রেওয়াজ করেন। আশীষ একজন মুদি ব্যবসায়ী, তিনি চান আরো শিখতে, যাতে তিনি আরও নিখুঁত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *