একাধিক দাবি নিয়ে নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ আশা কর্মীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ ডিসেম্বর: স্থায়ীকরণ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এবার জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো নদিয়া জেলার কয়েকশো আশা কর্মী। দাবি না মানলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, এর আগেও রাজ্যের প্রতিটি জেলার আশা কর্মীরা একাধিকবার বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এদিন নদীয়া জেলার কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে শতাধিক আশা কর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত ভাবে দাবি জানিয়েছেন তাদের কাজের স্থায়ীকরণের মধ্যে দিয়ে নিশ্চয়তা আনতে হবে। এর পাশাপাশি ন্যূনতম ২১ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে। তার কারণ যেভাবে তারা করোনা পরিস্থিতিতে নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঠিক মূল্য দেওয়া হয় না বলে দাবি জানিয়েছেন তারা। আশা কর্মীদের অভিযোগ, বেআইনিভাবে তাদের ওপর কোনও বিজ্ঞপ্তি ছাড়াই বারতি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়। এবার থেকে কোনও নোটিশ ছাড়া তারা আর বাড়তি কাজ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এদিন কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ করে তারা জানান, এই দাবিগুলো পূরণ না হলে আগামী মাস থেকে গোটা জেলাজুড়ে আশা কর্মীরা কর্মবিরতি করবে। যদিও এ বিষয়ে স্বাস্থ্য আধিকারিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *