সাথী দাস, পুরুলিয়া, ২৩ ডিসেম্বর: নিরাপত্তা হীনতায় ভুগছেন আবাস প্লাস যোজনার কাজে যুক্ত আশা কর্মীরা। তাই সুরক্ষার দাবিতে মিছিল করলেন সংগঠিত আশা কর্মীরা। এই দাবি ছাড়াও আজ পুরুলিয়ার পাড়া ব্লকে কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিডিওকে একটি স্মারকলিপি দেন তাঁরা। মিছিল করে ব্লক অফিসের সামনে পৌঁছন তাঁরা। সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে দাবি দাওয়া নিয়ে স্লোগান দেন।

আবাস যোজনার তালিকায় নাম থাকা ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য কি না— প্রশাসনের পক্ষ থেকে তা সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ও ভিলেজ পুলিশকে। কিন্তু সমীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়েছেন জেলার অনেক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী। গ্রামে গিয়ে সমীক্ষা করার সময়ে তাঁদের প্রাণনাশের হুমকিও শুনতে হচ্ছে বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে কার্যত এদিনের কর্মসূচি বলে জানান পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সভানেত্রী সুস্মিতা মাহাতো। প্রশাসনিক চাপ ও আবাস যোজনা থেকে বাদ পড়াদের চাপে মানসিকভাবে বিপর্যস্ত আশা কর্মীরা। নিরাপত্তা হীনতায় ভোগার কথা জানান বিক্ষোভরত আশা কর্মীরা।

