আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ সেপ্টেম্বর: “নিজের জীবন তুচ্ছ করে বাঁচালে হাজারো প্রাণ, বঙ্গজননী জানায় তোমায় বিজয়িনীর সম্মান”— এই শ্লোগানের মাধ্যমে করোনা পরিস্থিতিতে আশা কর্মীদের সম্মান জানাল জেলা প্রশাসন।
যখন অতিমারী করোনা সংক্রমণে সারা বিশ্ব আক্রান্ত। করোনার ভয়াবহতার আক্রমণে বাদ যায়নি উত্তর ২৪ পরগনা জেলাও। সেখানে সংক্রামণের আবহে যাঁরা নিজের জীবন তুচ্ছ করে মানব সেবায় নিজেদের উৎসর্গ করেছেন, তাদের সেই নিঃস্বার্থ অনন্য সামাজিক অবদানকে কুর্নিশ জানাতে রাজ্য সরকারের উদ্যোগে বঙ্গজননীর পক্ষ থেকে “Covid-19 বীরাঙ্গনা আশা” নামক এক সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

মূলত স্বাস্থ্য বিভাগে কর্মরত আশা কর্মীদেরই যোগ্য সম্মাননা জানাতে বুধবার উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের সুভাষ ময়দানে এক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসতের সাংসদ ডাঃ কাকলী ঘোষ দস্তিদার, মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা পৌর প্রশাসক রথীন ঘোষ, নারী ও শিশুকল্যাণ উন্নয়ন কর্মাধ্যক্ষ রেহেনা খাতুন, মধ্যমগ্রাম পৌরসভার পুরপারিষদ প্রধান নিমাই ঘোষ (স্বাস্থ্য বিভাগ) প্রমুখ।
মঙ্গলবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের জন্য নতুন প্রকল্প ঘোষনা করে ছিলেন। আজ আশা কর্মীদের নির্ভীক চিত্তের কাজকে কুর্নিশ জানান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।

জেলার সমস্ত আশাকর্মীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার এবং ফুড প্যাকেট ইত্যাদি সামগ্রী। এরই পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আশকর্মীদের অগ্রিম বোনাস দেওয়া হবে বলে জানানো হয়। এদিনের সমস্ত অনুষ্ঠানটাই সামাজিক দুরত্ব বজায় রেখে এবং সম্পূর্ণ স্বাস্থ্য বিধি নেমে পালন করা হয়েছে।

