সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৭ ডিসেম্বর: আবাস যোজনার কাজ করতে গিয়ে হেনস্থার শিকার আইসিডিএস ও আশা কর্মীরা। জেলা জুড়ে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইসিডিএস ও আশা কর্মীরা নিরাপত্তা চেয়ে বিডিওর দারস্থ হন। আজ বড়জোড়ায় অঙ্গনওয়াড়ি এন্ড হেল্পার্স ইউনিয়ন এবং আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে নিরাপত্তার দাবি তুলে মিছিল সহকারে বিডিওরর দপ্তরে হাজির হন তারা।

জেলার ও রাজ্যের বিভিন্ন স্হানে আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে হেনস্থা ও শারীরিক ভাবে নির্যাতনের শিকার হচ্ছে জানিয়ে ইউনিয়নের সম্পাদক চায়না কর্মকার বলেন, আমাদের উপর এই কাজ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।আমাদের সরকারি কর্মী বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, অথচ আবাস যোজনার মত সরকারি কাজ করানো হচ্ছে।পঞ্চায়েত এবং ব্লক অফিস থেকে তালিকা তৈরি করে তা যাচাইয়ের কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।এর ফলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তালিকায় নাম থাকার পর তার নাম বাদ গেলে আমাদের দোষারোপ করা হচ্ছে, ক্ষিপ্ত জনসাধারণ আমাদের দোষারোপ করছেন, কোথাও কোথাও হেনস্হা, নির্যাতনের শিকার হতে হচ্ছে। কাজ শুরুর সময়েই আমরা নিরাপত্তা চেয়েছিলাম, আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। তাই আগামীতে কোনও সরকারি কাজে যাতে আমাদের নিয়োজিত করা না হয় সেজন্য বিডিও সাহেবের কাছে আবেদন জানিয়েছি এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছি।
উল্লেখ্য, গতকাল সকালে বাকুঁড়া সদর থানার কেঞ্জাকুড়া গ্ৰাম পঞ্চায়েতের জঙ্গা গ্ৰামে আশা কর্মীকে বাড়ি থেকে বের করে হেনস্হা করা হয়, শারীরিক নির্যাতনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা তাদের দেখতে হাসপাতালে যান।

