তালিত রেলগেট বন্ধ থাকায় দীর্ঘসময় যানজট, গাড়িতেই সন্তানের জন্ম

আমাদের ভারত, বর্ধমান, ২৭ জুন: অন্তঃস্বত্ত্বা মহিলাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল বর্ধমান মেডিকেল কলেজে। পথে তালিত রেলগেট বন্ধ থাকায় তাদের গাড়ি আটকে পড়ে সেই রেলগেটে। এদিকে মহিলার প্রসব বেদনা উঠলেও তাদের গাড়ি বের করার কোনও উপায় ছিল না। ফলে গাড়ির মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফুঁসতে থাকেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজন।

বর্ধমানের তালিত রেলগেটে ভোগান্তি নিয়ে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। প্রায় প্রতিটা নির্বাচনের সময় এখানে ফ্লাইওভারের দাবি নির্বাচনের অন্যতম ইস্যু হয়ে ওঠে। কিন্তু নির্বাচন মিটে যেতেই সেই সমস্যা রয়েই যায়। রেলগেট পারাপার করতে গিয়ে দীর্ঘক্ষণ রেলগেটে তাদের অপেক্ষা করতে হয়।

রবিবার সকাল নাগাদ বাঘাড় ১ গ্রাম পঞ্চায়েতের পিলখুড়ির এক অন্তঃস্বত্ত্বা মহিলাকে নিয়ে একটা মারুতি ভ্যান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। তালিত রেলগেট বন্ধ থাকায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। ওই জ্যামের মধ্যে আটকে পড়ে তাদের গাড়িটি। এদিকে গাড়ির মধ্যেই মহিলার প্রসব বেদনা ওঠে। গাড়িতেই তিনি সন্তানের জন্ম দেন। সেই সঙ্গে ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। ফলে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে পরিবারটি। বেশ কিছুক্ষণ পরে রেলগেট খুললে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই পরিবারটির দাবি, যেভাবে এদিন দীর্ঘক্ষণ রেলগেটে তাদের আটকে থাকতে হয়েছিল তাতে ওই মহিলার কোনও অঘটন ঘটে যেতে পারতো। তাদের দাবি, অবিলম্বে রেল বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করুক। যাতে এইভাবে বিপদের মুখে কাউকে পড়তে না হয়। বাসিন্দারা ফের দাবি তুলেছেন অবিলম্বে তালিত রেলগেট এলাকায়  ফ্লাইওভার তৈরি করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *