সাথী দাস, পুরুলিয়া, ৬ সেপ্টেম্বর: মৃত এনভিএফ কর্মীর দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে এল বলরামপুর বাঁশগড় গ্রামে। রবিবার বিকেলে কর্মরত অবস্থায় নিজের সার্ভিস থ্রি নট থ্রি বন্দুক চালিয়ে আত্মহত্যা করেন পাড়া থানায় কর্মরত এনভিএফ কর্মী প্রণব মহান্তি। ঘটনার পরই অন্যান্য পুলিশ কর্মীরা গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পাড়া ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার ওই এনভিএফ কর্মীর দেহটির ময়নাতদন্তের পর বিকেল পাঁচটা নাগাদ বাঁশগড় গ্রামে পৌঁছায়। তার বাড়ির উঠোনে গ্রামবাসীরা পৌঁছয়। মৃতদেহ পৌঁছানোর আগেই পুরো গ্রাম নিঃস্তব্ধ হয়ে অপেক্ষায় ছিল। দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা সহ পরিবার পরিজনেরা।


