আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৬ জুলাই: একটি খুনের ঘটনায় রাজ সাক্ষী হতে চেয়েছিল আব্দুর গফফার পুরকাইত নামে এক যুবক। সেই কারণে ওই খুনের ঘটনায় বাকি অভিযুক্তরা তাকে খুন করল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার রামকৃষ্ণপুর পঞ্চায়েতের ইটবাড়ি গ্রামের। নিহত যুবক আব্দুল গফফার পুরকাইত(১৯)।

নিহত যুবকের পরিবারের অভিযোগ, গত ৬ মাস আগে খুন হয় নিহত যুবকের এক খুড়তুতো ভাই। সেই ঘটনায় ৫ জন অভিযুক্ত ছিল। তাদের মধ্যে আব্দুল গফফার পুরকাইতের নামেও অভিযোগ হয়। খুনের ঘটনায় গতকাল আদালত থেকে জামিন পান অভিযুক্তরা। গত ৬ মাস আগের খুনের ঘটনায় রাজ সাক্ষী হতে চেয়েছিল আব্দুল গফফার। তাই খুনের ঘটনায় বাকি অভিযুক্তরা রাকিব সর্দার, রাজু মোল্লা, রফিকুল মোল্লা, খয়রুল আনম মোল্লা গতকাল রাতে আব্দুল গফফার পুরকাইতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রাকিব সর্দারের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।
আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর
পরে রাকিব সর্দারের বাবা জাহাঙ্গীর সর্দার ঘটনার পর চেঁচামেচি করলে পাড়ার লোকেরা জাহাঙ্গীর সর্দারের বাড়ি গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আব্দুল গফফার পুরকাইত। ততক্ষণে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে কুল্পি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খুনের ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকাজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই। পুলিশ তদন্ত শুরু করেছে।

