নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৬ মে: যসে ক্ষতিগ্রস্তদের সঠিক হিসাব দিতে মমতার কাছে আবেদন করলেন দিলীপ ঘোষ। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী সঠিক তথ্য দিচ্ছেন না। ক্ষতিগ্রস্থদের সঠিক তথ্য না থাকলে ক্ষতিপূরণ দিতে অসুবিধে হয় প্রশাসনের।
প্রসঙ্গত, আজ সকাল থেকেই তাণ্ডব চালিয়েছে যস। সুপার সাইক্লোনের তাণ্ডবে মেদিনীপুর ও সুন্দরবন এলাকা জলমগ্ন। কিন্তু বাস্তবে যা হয়েছে তার থেকে বেশি দেখাচ্ছ রাজ্য। এমন অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এত অল্প সময়ের মধ্যে এভাবে ক্ষতিপূরণের হিসাব তৈরি করা কি সম্ভব? নবান্নে বসে কয়েক মিনিটের মধ্যে সমস্ত ক্ষতিপূরণের হিসেব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয়, ঝড়ের আগেই হিসেবগুলি করা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। যস চলাকালীন যা সাংবাদিকদের দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এইরকম হিসেব দিলে স্বভাবতই মানুষের মনে প্রশ্ন উঠবে।
দিলীপ ঘোষ বলেন, অবশ্য এমন হিসেব আগেও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গতবছর ঘূর্ণিঝড়ের সময় হিসেব দিয়েছিলেন তিনি। তারপর কেন্দ্রের টাকা তাদের পকেটে ঢুকেছিল আমরা দেখেছিলাম। আরও একবার সেই ছবি কি আমরা দেখতে পাবো তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই ত্রাণের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যস মোকাবিলা করার জন্য কেন্দ্র আগেই টাকা দিয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র ক্ষতিপূরণের পর্যাপ্ত টাকা দেয়নি।

