Bharat Sevashram, Bankura, ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ- সভাপতি ও বাঁকুড়া শাখার অধ্যক্ষ অরুণানন্দজীর দেহবসান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭জানুয়ারি: ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি ও বাঁকুড়া আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ও অধ্যক্ষ স্বামী অরুনানন্দ মহারাজ গতকাল রাতে ইহলোক ত্যাগ করেন।

তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের মুখপত্র প্রণব পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি অধুনা বাংলাদেশের খুলনা জেলার আশাশুনি গ্রামে জন্মগ্রহণ করেন। ৯৬ বছর বয়সী অরুনানন্দজী স্বামী প্রণবানন্দের কাছে দীক্ষা লাভ করে তারই নির্দেশে বাংলায় হিন্দু সংগঠন স্হাপনে বাঁকুড়ায় আসেন। বাঁকুড়া শহরের রামপুর স্কুল ডাঙ্গা এলাকায় সঙ্ঘের শাখা স্থাপন করে গুরু নির্দেশিত কাজ শুরু করেন। অল্পদিনের মধ্যেই তিনি শহরের বিভিন্ন মানুষের মন জয় করে নেন। দ্রুত বৃদ্ধি পেতে থাকে তার জনপ্রিয়তা। মূলতঃ তার ঐকান্তিক প্রচেষ্টায় বাঁকুড়া শহরের কেন্দুয়ডিহিতে গড়ে ওঠে বিশাল আশ্রম। বাঁকুড়া ছাড়াও তিনি সারা ভারতজুড়ে সঙ্ঘের প্রভাব বিস্তারে নিরলস কাজ করে যান। বিভিন্ন স্থানে গড়ে ওঠে হিন্দু মিলন মন্দির ও ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখা। তিনি আমৃত্যু সঙ্ঘের সহসভাপতি পদ সামলেছেন। সেই সঙ্গে মুখপত্র প্রণব পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ছোটদের রামায়ণ সহ বহু ধর্মীয় গ্রন্হ রচনা করেছেন। সারা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে তার বহু শিষ্য।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আজ সকালেই দূর- দূরান্ত থেকে বহু ভক্ত শিষ্য হাজির হন আশ্রম প্রাঙ্গণে।সেখানে তারা শেষ শ্রদ্ধা জানান। আরএসএস, হিন্দু মহাসভা, বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে মাল্যদান করা হয়। তার পার্থিব দেহ নিয়ে এক বিশাল শবযাত্রা বাঁকুড়ার লক্ষ্যাতড়া মহাশ্মশানে উপস্থিত হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *