মদের নাম ঝুমুর দেওয়ায় ক্ষুব্ধ শিল্পীরা

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ নভেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত একটি দেশি মদের নামকরণ করা হয়েছে ‘ঝুমুর’। মদের এই ব্র্যান্ড ঝুমুর নামে আপলোড করা হয়েছে রাজ্যের আবগারি দপ্তরের ওয়েবসাইটেও। বিষয়টি জানতে পেরে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন কুড়মি সমাজের একাংশ এবং জঙ্গলমহলের ঝুমুর শিল্পীরা। দেশি মদের এই ব্র্যান্ডের ঝুমুর নাম বাতিল না করলে তারা প্রতিবাদের পথে নেমে আন্দোলনেরও বার্তা দিয়েছেন। জঙ্গলমহলে ঝুমুর গান এবং নাচ প্রাচীন লোকসংস্কৃতির অন্যতম প্রধান পরম্পরা হিসেবে আজও অত্যন্ত জনপ্রিয়। তাই দেশি মদের ব্র্যান্ডের নাম ঝুমুর দেওয়া অত্যন্ত অশোভনীয় এবং অবাঞ্ছিত বলে ঝুমুর শিল্পীরা মনে করছেন।

রাজ্যের বিশিষ্ট ঝুমুর শিল্পী ইন্দ্রানী মাহাতোর অভিযোগ, বাঁকুড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে তথা সারা ভারতবর্ষে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য রয়েছে অন্যতম আদি সংস্কৃতি ঝুমুর গানের। অথচ রাজ্য সরকার দেশি মদের নামকরণের অনুমোদন দিয়েছে সেই সংস্কৃতির নামে। অবিলম্বে এই নামকরণ প্রত্যাহার না করা হলে তামাম ঝুমুর শিল্পীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। সমগ্র ঝুমুর শিল্পী সমাজ রাস্তা অবরোধ(হুড়কা জাম) করে প্রতিবাদে মুখর হবে।

তবে আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, দেশি মদের এই নামকরণ রাজ্য সরকার করেনি। একটি মদ প্রস্তুতকারী সংস্থার দেওয়া। এই নামকে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *