আশিস মণ্ডল, শান্তিনিকেতন, ১৭ ডিসেম্বর: শিল্প সংগঠন প্রাচী প্রতীচীর উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হলো ‘নো ওয়ার’ শীর্ষক যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠান। যুদ্ধ বিরোধী শৈল্পিক প্রতিবাদ অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দু’দিনের এই অনুষ্ঠানে আলোচনা সভা, শিল্প প্রদর্শনী, গান কবিতা ও নাটকের মধ্যে দিয়ে বিভিন্ন মাধ্যমের শিল্পীরা সমবেতভাবে যুদ্ধবিরোধী প্রতিবাদে শামিল হলেন।
যোগেন চৌধুরী, হিরণ মিত্র, সুব্রত গঙ্গোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীদের সঙ্গে তরুণ প্রজন্মের প্রদীপ দাস, হিমাদ্রী মণ্ডলের মতো শিল্পীরাও এগিয়ে এসেছেন এই প্রতিবাদে শামিল হতে।

অনুষ্ঠানের উদ্যোক্তা তাপস মল্লিক, জানিয়েছেন, “ইতিহাস বলে, সমাজ ও সভ্যতার উপর আক্রমণ নেমে এলে প্রথম সরব হয় শিল্পীরা।ইজরায়েল-প্যালেন্তাইন যুদ্ধে যে নারকীয়ভাবে শিশু ও মহিলাদের মৃত্যু ঘটছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারকীয়তাকেও হার মানায়। তাই সংবেদনশীল শিল্পীরা এই প্রতিবাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছেন।
বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ এধরনের অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের যে সমস্ত দায়িত্বশীল মানুষদের বিশেষ মানপত্র, উত্তরীয়, ফুল দিয়ে সম্মান করা হয়েছে এটা অত্যন্ত প্রশংসার। ভীষণ ভালো লাগছে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, তাপসবাবুর প্রোগ্রামে আগেও আমি বহুবার এসেছি। এখানে সাধারণত যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে এটা রুচিশীল। আমার ভালো লাগে। যেভাবে যুদ্ধ চলছে। শিশু মহিলাদের প্রাণ যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের। যুদ্ধ নয় শান্তি চাই যে বার্তা এই অনুষ্ঠানের মধ্যে দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। আমি এধরনের অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত।

