আমাদের ভারত, ২১ মার্চ: তিন বছর হতে চলল জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে মোদী সরকার। এবার পাক অধিকৃত কাশ্মীরকেও স্বাধীন করবে মোদী সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ২০১৯ সালের ৫ আগস্ট সংসদের ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব পাস হয়েছিল। এরপর থেকে তিন বছর হতে চলেছে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। সেখানকার নিরাপত্তার দায়িত্ব রয়েছে সরাসরি কেন্দ্রের হাতে। এবার নতুন লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মোদী সরকারের প্রতিশ্রুতি রক্ষা।
রবিবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার মহারাজা গুলাব সিংয়ের কুড়ি ফুট উচ্চতার মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখান থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সংসদে ১৯৯৪ সালে একটি প্রস্তাব পাস করা হয়ছিল। সেখানে জোর দেওয়া হয়েছিল যে পাকিস্তানের বেআইনিভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরের অংশ খালি করে দেওয়া উচিত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ৩৭০ ধারা অবলুপ্তি করে বিজেপি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে। যদিও বহু মানুষ এই পদক্ষেপ কল্পনা করতে পারেননি। তিনি আরও বলেছেন, নরেন্দ্র মোদীর জামানায় সমস্ত মানুষের কাছে করা সমস্ত প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এমনকি পাক অধিকৃত কাশ্মীরের স্বাধীনতা পূরণ প্রতিশ্রুতিও পাওয়া হবে।
পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করার ঘোষণা বিজেপির তরফে এই প্রথম নয়। বিজেপির একাধিক নেতা, মন্ত্রী, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্তির করার বিষয়ে কথা তুলেছেন এর আগেও। বিজেপির এক মন্ত্রী কপিল পাতিল জানিয়েছিলেন, ২০২৪ সালের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত করা যাবে। সেই কাজ একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষেই সম্ভব বলে জানিয়েছিলেন তিনি।

