জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: সবং কলেজের এক অধ্যাপিকাকে জাতপাত তুলে মানসিক নির্যাতন করার অভিযোগে কলেজেরই এক অধ্যাপককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতবছর ১৯ অক্টোবর সবং সজনীকান্ত কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা পাপিয়া মান্ডি সবং থানায় অভিযোগ করেন পরীক্ষা চলাকালীন ওই বিভাগেরই অধ্যাপক নির্মল বেরা তাকে জাতপাত তুলে অপমানজনক মন্তব্য করেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন এবং অধ্যাপক বেরাকে বরখাস্ত করেন।
অধ্যাপিকা পাপিয়া মান্ডিকে জাত তুলে অপমান করার বিষয়টি নিয়ে সবং ব্লকের আদিবাসী সমাজ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল প্রতিবাদে সরব হয়ে কলেজ ঘেরাওয়ের ডাক দেয়। আজ সোমবার অভিযুক্ত অধ্যাপক নির্মল বেরাকে সবং থানার পুলিশ গ্রেপ্তার করেছে। দুপুরে তাকে মেদিনীপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

