জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি:
শালবনির ব্যবসায়ী ও ঠিকাদার অরবিন্দ সিংহ রায় হত্যাকাণ্ডে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গত ৭ ফেব্রুয়ারি, রবিবার গভীর রাতে একটি গাড়ি থেকে রক্তাক্ত ও গলার নলি কাটা অবস্থায় পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। কলকাতা – মুম্বাই ৬ নং জাতীয় সড়কের ওপর ডেবরা টোল প্লাজার সামনে বুড়ামাল এলাকায় একটি চারচাকা গাড়ি থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।
৮ ফেব্রুয়ারি, সোমবার সকালে পুলিশ তাঁর পরিচয় জানতে পারে এবং তদন্ত শুরু করে। পুলিশ সুপার দীনেশ কুমার সেই সময় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন খুনের রহস্য উদঘাটনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। সেই মতো ঘটনার ৯ দিনের মাথায় ১৬ ফেব্রুয়ারি খড়্গপুর টাউন থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
ধৃত অভিযুক্তরা হল খড়্গপুর পৌরসভার বড় আয়মার বাসিন্দা জয়কিসান সিংহ এবং ভগবানপুরের বাসিন্দা অভিষেক শর্মা। দু’জনের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে সুপারি কিলার হিসাবে শালবনির ওই ঠিকাদারকে খুন করার অভিযোগ উঠেছেl অভিষেক শর্মার এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচয় রয়েছেl

