রাজেন রায়, কলকাতা, ২৯বআগস্ট: আফগানিস্থানে যখন তালিবানরা তাণ্ডব চালাচ্ছে, পর পর বিস্ফোরণ ঘটানো হচ্ছে, গুলিতে মৃত্যু হয়েছে বহু মানুষের, সেখানে কলকাতার বুকে প্রায় ৩০ লক্ষ আফগান মুদ্রা উদ্ধার নিয়ে নতুনভাবে ছড়াল চাঞ্চল্য। উদ্ধার হল ২৯ লক্ষ ৯০ হাজার আফগানি মুদ্রা। ভারতে এই মুদ্রার মূল্য ২৫ লক্ষ ৮০ হাজার টাকা। ধৃত দুই ব্যক্তি আফগানিস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
শুল্ক দপ্তরের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই গোয়েন্দাদের কাছে খবর আসছিল যে, কলকাতায় কয়েকজন সন্দেহভাজনের কাছে রয়েছে প্রচুর ‘আফগানি’, যা আফগানিস্তানের মুদ্রা বলেই পরিচিত। শনিবার মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার রাইটার্স বিল্ডিংয়ের কাছে বিবাদি বাগ এলাকায় হানা দেন গোয়েন্দারা। দুই সন্দেহভাজনকে ধরা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৯ লক্ষ ৯০ হাজার আফগানি মুদ্রা।

মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় আফগানিস্তানের বাসিন্দারা বসবাস করেন, যাঁরা কাবুলিওয়ালা বলেই পরিচিত। তাঁরা ঋণ দেওয়ার ব্যবসা করেন। ইতিমধ্যে কলকাতায় গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন।

