অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর রুজিরার বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

আমাদের ভারত, ৭ মে: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। কয়লা পাচার মামলায় এনফর্সমেন্ট ডিরেক্টর বারবার তলব করেছে কিন্তু হাজিরা এড়িয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার ফলেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ২০ আগষ্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

কয়লা পাচার মামলায় এখনো পর্যন্ত অভিষেককে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রুজিরাকে সমন পাঠানো হলেও হাজির হননি তিনি। শেষবার গত ২১ ও ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির ইডির দপ্তরের হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। তার আগেই সস্ত্রীক অভিষেক ইডির সমন জারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্ট এই মামলায় কোনওরকম হস্তক্ষেপ করেনি।

গত মার্চে দিল্লিতে অভিষেককে ৮ ঘণ্টা জেরা করে ইডি। অভিষেক এই প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণ করার পাশাপাশি ইডি কেন তাদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করছে না তা নিয়েও প্রশ্ন তোলেন। সেই সময় রুজিরাকেও ডাকা হয়েছিল কিন্তু তিনি যাননি। গত বছরের সেপ্টেম্বর মাসেও দিল্লিতে রুজিরাকে ডেকে পাঠিয়েছিল ইডি। রুজিরা চিঠি দিয়ে জানিয়েছিলেন অতিমারির সময় সন্তানদের ফেলে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়।

সূত্রের খবর, আদালতে আবেদন জানানো হয়, বারবার নোটিশ পাঠানো সত্বেও হাজিরা দিচ্ছেন না অভিষেক পত্নী। আদালতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তারা সেই মামলার শুনানি এখনো হয়নি। পাল্টা ইডির তরফে বলা হয় আবেদন করা হলেও তা সুপ্রিম কোর্টের শুনানির জন্য তালিকা ভুক্ত হয়নি। দু’পক্ষের কথা শোনার পর রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *