নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আমাদের ভারত, ২ জানুয়ারি:
নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। মঙ্গলবার এদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে দাবি করা হয় তদন্তে সহযোগিতা করছেন না চার অভিযুক্ত। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন সহ আরও ছয়টি ধারায় অভিযোগ আনা হয়েছে।

ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিজেপি নেতা দেবব্রত মাইতি খুনের মামলায় হলদিয়ার বিশেষ আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার সিবিআই এর পেশ করা চারশিটে নাম রয়েছে শেখ সুফিয়ান, আবু তাহের সহ মোট ছয়জনের। এরা প্রত্যেকেই নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা।

একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামের প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। এর আগে হলদিয়ার সিবিআই ক্যাম্পে ডেকে সুফিয়ান সহ বাকিদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আদালতে নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্ত করেছে সিবিআই। এর আগে কেন্দ্রীয় টিমও গিয়েছিল নন্দীগ্রামে। এছাড়া রাজ্যপাল থাকাকালীন নন্দীগ্রামে ভোট পরবর্তী পরিস্থিতি দেখতে গিয়েছিলেন জগদীপ ধনখড়ও।

এদিকে তৃণমূল প্রথম থেকেই বলে আসছে, সুফিয়ান, আবু তাহেরদের নাম জড়িয়ে দেওয়া বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ইচ্ছে করে তৃণমূলের নেতাকর্মীদের ফাঁসাচ্ছে বিজেপি।

এই মামলায় মঙ্গলবার আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে দাবি করা হয় তদন্তে সহযোগিতা করছেন না চার অভিযুক্ত। এর পরেই আদালত চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *