আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৩ সেপ্টেম্বর:
আলিপুরদুয়ারের ডিআরএম-কে অভিযোগ জানালো বিজেপি।
উল্লেখ্য, বিজেপির নবান্ন অভিযান উপলক্ষে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুটি ট্রেন আলিপুরদুয়ার ডিভিশন থেকে শিয়ালদহ যাবার উদ্দেশ্যে ভাড়া করা হয়েছিল। যার মধ্যে একটি আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ি স্টেশন, আরেকটি আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যায়। অভিযোগ, আলিপুরদুয়ার জংশন থেকে সেই ট্রেনে যাবার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষারত বিজেপির প্রায় ৫০ জন কর্মী সমর্থক’কে অনৈতিকভাবে রাজ্য পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কামাক্ষাগুড়ি স্টেশনেও একই চিত্র ধরা পড়ে, বিজেপি কর্মীদের জোর করে আটক করে নিয়ে যায় পুলিশ। কিন্তু রেলের আরপিএফ বা রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনায় সাহায্যে এগিয়ে আসেনি।
ফলে বিজেপির সাধারণ সম্পাদকের অভিযোগ, রেলওয়ে স্টেশন চত্ত্বরে কি করে অনৈতিকভাবে এই কাজে সক্ষম হয় রাজ্য পুলিশ। যেখানে যাত্রীদের সুরক্ষা দেওয়াই রেলের আরপিএফ-এর প্রধান দায়িত্ব। সেখানে কিভাবে তাদের উপস্থিততেও এই ঘটনা ঘটে। ফলে রেল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে ব্যর্থ বলে দাবি তাদের।
এই ব্যাপারে যথাযথ ব্যাবস্থার দাবি রেখে মঙ্গলবার আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিংয়ের হাতে অভিযোগ পত্র তুলে দেন তারা।

