দলের কর্মীদের মিথ্যে মামলায় গ্রেফতার ও শাসক দলের হয়ে ওসির পক্ষপাতিত্বের অভিযোগ, তারাপীঠ থানায় ডেপুটেশন বিজেপির

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১০ নভেম্বর: বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় গ্রেফতার এবং শাসক দলের হয়ে থানার ওসির পক্ষপাতিত্বের অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বিক্ষোভের মধ্যেই তারাপীঠ থানা তুলে দেওয়ার হুমকি দেন দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার তারাপীঠ থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্ব দেন ধ্রুব সাহা। বিকেলের দিকে তারাপীঠ এলাকায় পুলিশের বিরুদ্ধে মিছিল করে বিজেপির কর্মী ও সমর্থকরা। পরে তারাপীঠ থানার সামনে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করে। পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের রুখতে গেটে দাঁড়িয়েছিল। ধ্রুব সাহার নেতৃত্বে বিজেপি সেই গেট ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে।

বিজেপির অভিযোগ, তারাপীঠ থানার ওসি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় এক তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে যান এবং সেখানে ওই নেতার সঙ্গে আলোচনা করে নেতার নির্দেশে এলাকার বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। বক্তব্য রাখতে গিয়ে ধ্রুব সাহা বলেন, “তারাপীঠ থানার ওসি তৃণমূলের দলদাস হয়ে গিয়েছেন। তৃণমূল নেতাদের নির্দেশে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন। একদিন তারাপীঠ থানার ওসিকে দ্বারকা নদীর জলে ফেলে দেবে জনতা”।

পুলিশি ব্যারিকেড ভেঙ্গে থানার ক্যাম্পাসে প্রবেশ নিয়ে ধ্রুব সাহা বলেন, “ওসির একটা ব্যারিকেড আছে। কিন্তু তারাপীঠ থানার ওসি ব্যারিকেড ভেঙ্গে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে আলোচনা করে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তাই আমরা পুলিশি ব্যারিকেড ভেঙ্গে চেতাবনি দিলাম”। বক্তব্য রাখত গিয়ে তারাপীঠ থানা তুলে দেওয়ার হুমকি দিয়ে বসেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *