আমাদের ভারত, ২৬ এপ্রিল:দেশজুড়ে প্রায় প্রতিদিনই তিন লক্ষ মানুষ করোনাই আক্রান্ত হচ্ছেন। এর ফলে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে দেশ জুড়ে চিকিৎসা পরিকাঠামোয়। তাই এবার পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠানো হলো। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সেনাবাহিনী থেকে গত দু’বছরের যে সমস্ত ডাক্তাররা অবসর নিয়েছেন তাদের সকলকে তাদের বাড়ির কাছে থাকা চিকিৎসা কেন্দ্রে নিয়োগ করা হবে।
তিনি আরো জানান দেশের গভীর সংকট মোকাবেলায় সেনাবাহিনীও প্রস্তুতি নিয়েছে। মিলিটারির কাছে যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে তা বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসাররা ইমারজেন্সি হেল্পলাইনের মাধ্যমে পরামর্শ দেবেন।সেনাবাহিনীর নার্সরাও এই পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সাহায্য করবেন।
এছাড়াও সেনার উদ্যোগে করোনা চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। সেনাবাহিনীর পরিকাঠামোকে সাধারণ মানুষের জন্যও কাজে লাগানো হবে।
সোমবার বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতীয় নৌসেনা, বায়ুসেনা ও ডিভিশনের মুখ্য দপ্তরে কর্মরত সব মেডিকেল অফিসারদের করোনা হাসপাতালে কাজে লাগানো হবে।

