বিধানসভা ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগণায় অস্ত্র কারখানার হদিস, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২১ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের মুখে অস্ত্র কারখানার খোঁজ মিলল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ ব্লকের বকুলতলা থানা এলাকার মনিরতট এলাকায়। শনিবার গভীর রাতে এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে বকুলতলা থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের পুলিশ কর্মীরা এই অস্ত্র কারখানা উদ্ধার করেন। এই ঘটনায় খায়রুল শেখ নামে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খায়রুলের বাড়ি থেকে দশটি নতুন ওয়ান শাটার পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও বন্দুক তৈরির যাবতীয় সরঞ্জাম উদ্ধার হয়েছে।
 
শনিবার সন্ধ্যায় গোপনসূত্রে বকুলতলা থানার পুলিশ খবর পায় যে মনিরতট এলাকায় এক ব্যক্তির বাড়িতে গোপনে অস্ত্র তৈরির কাজ চলছে। সেই খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের সদস্যদের সাথে নিয়ে রাত্রি টা নাগাদ তল্লাশি অভিযান শুরু করেন। আর সেখানে তল্লাশি অভিযানে নেমেই সাফল্য আসে। কার্যত ছোট্ট বাড়ির মধ্যে এই অস্ত্র তৈরির কারখানা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। গ্রেফতার করা হয় খায়রুলকে। ধৃতকে রবিবার বারুইপুর আদালতে তোলা হবে। খায়রুলকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ। এই অস্ত্র কি কারণে সে তৈরি করছিল? পাশাপাশি এগুলি কাদের সে সাপ্লাই দিত সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *