অদ্ভূত! অর্জুন গাছের গোড়া এবং মগডালে জ্বলছে আগুন অথচ কান্ডটি একদম কাঁচা, এই দৃশ্য দেখতে ভিড় বেলদার আসদা এলাকায়

ছবি: গাছের গোড়া আগুনে জ্বলছে
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: পূর্ণবয়স্ক একটি অর্জুন গাছের গোড়া এবং মগডালে জ্বলছে লেলিহান আগুন। অথচ গাছটির কান্ডটি রয়েছে সম্পূর্ণ কাঁচা। গাছের গোড়া থেকে বেরনো আগুনের শিখার তীব্রতা খানিকটা কোনো গ্যাসের বার্নারের মত। ঠিক একইভাবে গাছটির মগডালেও এই বার্নারের শিখার মতন বেরোচ্ছে আগুন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বেলদা কাঁথি রাজ্য সড়কের আসদা এলাকায়। অভিনব এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা।


ছবি: গাছের মাথায় আগুন জ্বলছে

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে বেলদা থানার পুলিশ। তবে কিভাবে লাগলো এই আগুন তা কেউ জানেন না। তবে গাছের গোড়া থেকে বেরনো আগুন এবং তার তীব্রতা দেখে অনেকের অনুমান কোনো এক ভৌমস্ত গ্যাসের কারণে হতে পারে। তবে ইতিমধ্যে সুরক্ষার কথা ভেবে এলাকাবাসীদের ওই ঘটনা স্থল থেকে দূরে সরিয়ে দিচ্ছেন পুলিশ প্রশাসন। এবং আগুনের উৎস কি এবং কিভাবে লাগলো এই আগুন সমস্ত দিক খতিয়ে দেখছেন তারা।


ছবি: পুলিশ কর্মীরা দেখছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *