ভোটের আগে ব্যারাকপুরে বিজেপিতে ভাঙন, প্রার্থী পদ প্রত্যাহার করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা অর্জুন সিং’য়ের আত্মীয় তথা তিন হেভিওয়েট নেতার

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ ফেব্রুয়ারি: ভোটের আগে বড় চমক ব্যারাকপুর মহকুমাতে। গরুলিয়া পৌরসভার বিজেপি প্রার্থী সুনীল সিং ও তার পুত্র আদিত্য সিং যারা বিজেপি দাপুটে নেতা অর্জুন সিংয়ের আত্মীয় বলে পরিচিত, আজ তারাই ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন।

অর্জুন সিংয়ের নিকট আত্মীয় সুনীল সিং এবার বিজেপির টিকিটে গারুলিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে এবং ওনার পুত্র আদিত্য সিং ১২ নম্বর ওয়ার্ড থেকে মনোনযনপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দু’জনেই আজ তাদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।
সেই সঙ্গে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ভাটপাড়া পৌর সভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংও এদিন তার প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। ব্যারাকপুর মহকুমাতে বিজেপির এই তিন
হেভিওয়েট নেতাই তৃণমূলে যোগ দেবেন বলে সূত্রের খবর।

এদিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এদেরকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারীর সাথে খোস মেজাজে গল্প করতে দেখা যায়। তাই রাজনৈতিক মহলে জোর জল্পনা যে এরা সবাই তৃণমূলে যোগ দেবেন। বিজেপি দলের অসন্তোষের কারণেই এই মনোনয়ন পত্র প্রত্যাহার বলে জানান তারা।

প্রসঙ্গত, সুনীল সিং তৃণমূলের টিকিটে নোয়াপাড়া থেকে
জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন, কিন্তু বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে সুনীল সিং, তার পুত্র আদিত্য সিং এবং অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। তবে ফের একবার এই তিন হেভিওয়েট নেতার তৃণমূলে ফিরে আসার ইঙ্গিত মিলেছে। এদিন সুনীল সিং তার প্রার্থী পদ প্রত্যাহার করার পর প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে বলেন, “আমি বিজেপি করতাম। কিন্তু আর না। আমাদের মত মানুষ এই রাজ্যে বিজেপি করতে পারবে না। বিজেপি করার মত পরিস্থিতি আমাদের আর নেই। তাই বিজেপির টিকিটে লড়তে চাই না। তাই প্রার্থী পদ প্রত্যাহার করে নিলাম। আগামীতে সব জানানো হবে আপনাদের। আপাতত আমি বিজেপি ছাড়ছি।”

এদিন অর্জুন সিং’য়ের ভাইপো বিজেপি প্রার্থী সৌরভ সিং বলেন, “বিজেপিতে এখন প্রচুর নোংরামি এসে গেছে আর এই দলে থাকা সম্ভব হচ্ছে না। তাই আজ বিজেপি ছাড়ছি। তবে তৃণমূলে এখনই যোগ দিচ্ছি না। তাই প্রার্থী পদ প্রত্যাহার করে নিচ্ছি।”

এই গোটা ঘটনা নিয়ে অর্জুন সিং বলেন, “আমি আজ ব্যক্তিগত ভাবে আহত হয়েছি ওদের ওই গদ্দারিতে। আমি রাজনৈতিক ভাবে অনেক শক্ত হয়ে গেলাম। আমি আগে জানলে ওদের টিকিট দেওয়ার জন্য দলের কাছে সুপারিশ করতাম না। তবে তৃণমূল কারোর না। ভাইপো তৃণমূল থেকে সরে যায় কি না সেটা দেখা যাক এবার।”

তবে বিজেপিতে এই ভাঙন ভোটের মুখে তৃণমূলের কাছে অনেক বড় জয় মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *