ভাটপাড়ায় ফের গুলি, আহত এক যুবক, পুলিশের সঙ্গে বিতর্কে অর্জুন সিং

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৮ জুন:
প্রকাশ্য দিবালোকে ফের গুলি চালনার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়া এলাকায়। সোমবার সকালে ভাটপাড়ার ১৮ নং ওয়ার্ডে গুলি চালানোর ঘটনা ঘটে৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হন রাজু সাউ নামে জুটমিলের এক শ্রমিক।

জানাগেছে, সোমবার পাড়ার কলে জল ভরতে গেলে এলাকার এক দুষ্কৃতীর সাথে বচসা বাঁধে। ক্রমেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। আর তারপর রাজু সাউকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয় বোল অভিযোগ। গুলিতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাজু সাউ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী।
সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে সাংসদ অর্জুন সিং দাবি করেন, ‘‘পুলিশি নিস্ক্রিয়তার জেরেই এলাকায় বাড়ছে দুষ্কৃতী কার্যকলাপ৷’’

ঘটনাস্থলেই সাংসদ পুলিশ আধিকারিকদের ওপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কে জড়িয়ে যেতে দেখা যায় বিজেপি সাংসদকে৷ তিনি বলেন, ‘‘বার বার এলাকায় গুলি চলছে, বোমা পড়ছে৷ আপনাদের লজ্জা করে না৷ আপনাদের মদত ছাড়া এসব হয় কি করে?’ এদিন সাংসদ অর্জুন সিং আহত রাজু সাউ এর পরিবারে সাথে দেখা করেন। বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “যেদিন যেদিন অর্জুন সিং ভাটপাড়া জগদ্দল পা দেয় সেদিন সেখানে অশান্তি হয়। এগুলো সব আগে থেকেই প্ল্যান করে করে। পুলিশের উচিত অর্জুন সিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *