আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ মে: “ভাটপাড়া,জগদ্দল সহ গোটা রাজ্যে যে রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করছে না কেন্দ্র, শুধু আইনের দোহাই দিয়ে তদন্ত করছে।” বুধবার গভীর রাতে
জগদ্দলে নিজের বাস ভবনের সামনে হওয়া বোমাবাজি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক হিংসার কারনে অশান্ত হয়ে পড়েছে ভাটপাড়া ও জগদ্দল বিধানসভার বিভিন্ন এলাকা। নিত্যদিনই চলছে বোমাবাজির ঘটনা। সিআইএসএফ এর প্রহরা থাকা সত্বেও ফের অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা বাজির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। বুধবার রাতে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বোমাবাজির ঘটনার খবর পেয়ে ছুটে আসে জগদ্দল থানার পুলিশ। বারবার ঘটা এই ধরনের বোমাবাজির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

অর্জুন সিং এর অভিযোগ তাঁকে প্রাণে মারারা চক্রান্ত অনেকদিন ধরেই চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি রাজ্যে বেড়ে চলা এই রাজনৈতিক হিংসার সম্পর্কে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন্দ্র শুধু আইন অনুযায়ী তদন্ত করার কথা বলছে , কিন্ত কোনও কঠোর পদক্ষেপ করছে না। কেন্দ্র আইনের দোহাই দিয়ে তদন্ত করছে সেই তদন্ত কবে শেষ হবে তার ঠিক নেই। তদন্ত চলতে চলতে তো এই রাজ্যের মানুষের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তৃণমূলের দুষ্কৃতীরা যা শুরু করেছে তাতে আগামী দিনে সাধারন মানুষ ক্ষেপে উঠে আইন নিজের হাতে তুলে নিতে পারে।”
অপর দিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।

