আমাদের ভারত, ২৯ মে: অর্জুন সিং বেসুরো। ক’দিন ধরে বিষয়টি নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে চর্চা হচ্ছে। সোমবার এ নিয়ে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
কখনও তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ, কখনও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়, কখনও কামারহাটির বিধায়ক মদন মিত্র চড়া ভাষায় তোপ দাগছেন বিজেপি শিবির থেকে তৃণমূলে আসা অর্জুনবাবুকে। অর্জুনবাবুও এই সব আক্রমণ নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন।
সোমবার নিউ টাউনে প্রাতভ্রমণের সময় প্রতিক্রিয়ায় তিনি বলেন, “উনি (অর্জুনবাবু) ভুক্তভোগী। উনি নিজে ক্রিমিনালদের শিকার। পুলিশের অত্যাচারের শিকার। উনি ৩ বছর আমাদের সঙ্গে ছিলেন। অত্যাচারের মাত্রা এতো বেড়েগিয়েছিল, যে উনি বাধ্য হয়ে টিম পাল্টেছেন। তিনি বেঁচে গেছেন। কিন্তু সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। সেটা তো ওনার দায়। কারণ উনি নির্বাচিত। তাই হয়তো এসব বলে ফেলছেন।”
অর্জুনবাবুর সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের উত্তরে দিলীপবাবু সংবাদমাধ্যমকে বলেন, “উনি কি করবেন তা জানি না। বিজেপি ওনাকে নেবে কি না, তাও জানি না। অর্জুন চিরকালই বেসুরো।”
প্রসঙ্গত, ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি করতে এসে মালিকের ছেলেকে খুনের ঘটনার পর থেকেই সুর চড়িয়েছেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেছিলেন, “একমাসের মধ্যে টিটাগড় থানা এলাকায় দুটি খুন হয়ে গেল। টিটাগড় থানার ভূমিকা ঠিক নেই। বারাকপুরের অনেক ব্যবসায়ী আমার কাছে এসেছিল। তারা ভয় পাচ্ছেন ব্যবসা করতে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, প্রয়োজনে আমার নিরাপত্তা তুলে নেওয়া হোক। কিন্তু বাসিন্দাদের নিরাপত্তা দিতে হবে।”

