স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ ফেব্রুয়ারি: ঘরের ছেলে ঘরে ফিরুক এমনই আর্তনাদ মায়ের। রাশিয়ার ইউক্রেনের উপর আক্রমণে তোলপাড় গোটা বিশ্ব। ঠিক তখনই নদিয়ার মাজদিয়ার ষষ্ঠীতলার বিশ্বাস পরিবার চিন্তায় ভেঙে পড়েছে।
বিশ্বাস পরিবারের সন্তান অরিন্দম বিশ্বাস ২০১৮ সালে ডাক্তারি পড়তে পারি দিয়েছিলেন সুদূর ইউক্রেনে। গত মাসে বাড়ি ফেরার কথা ছিল অরিন্দমের। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট সংরক্ষণ করা হয়ে গেছিল। কিন্তু হঠাৎই ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতির কারণে প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। আর তার কারণেই আর বাড়ি ফেরা হল না অরিন্দমের। বাড়ি না ফিরতে পারায় বিশ্বাস পরিবারের কপালে চিন্তার ভাঁজ। গোটা পরিবার এখন চোখ রেখেছে টিভির পর্দায় ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি জানার জন্য।
আমাদের মুখোমুখি হয়ে গোটা পরিবারের আর্তনাদ ঘরের ছেলে ঘরে ফিরুক, তার ব্যবস্থা করুক আমাদের ভারত সরকার। এখন দেখার সরকারিভাবে কতটা সহযোগিতা মেলে ওই বিশ্বাস পরিবারের। কত দ্রুততার সঙ্গে ঘরে ফিরতে পারে অরিন্দম বিশ্বাস সেই দিকেই নজর এখন গোটা পরিবারের।

