পুরুলিয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী

সাথী দাস, পুরুলিয়া, ৪ মার্চ: পুরুলিয়া স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে বাধা, বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতা কর্মীরা। আজ পুরুলিয়া স্টেশন পরিদর্শনে আসেন দ: পূ: রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। সেখানে বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে তাঁর কাছে সরাসরি জানাতে গিয়ে আরপিএফের থেকে বাধা পান তৃণমূল নেতারা। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়। কার্যত জেলা সদর স্টেশনে প্রথমবার পরিদর্শনে এসেই তৃণমূলীদের বিক্ষোভের মুখে পড়েন দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার। জেলায় রেল পরিষেবার সার্বিক উন্নয়নের বিষয়ে কথা বলতে গেলে রেল পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা কর্মীরা। পরে জেনারেল ম্যানেজার তাঁদের কথা শোনেন এবং রেল পরিষেবার সার্বিক উন্নয়নের বিষয়গুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তৃণমূলের অভিযোগ, দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেলে বাধার সৃষ্টি করে রেল পুলিশ। পরে রেল কর্তৃপক্ষ সমস্ত কথা শোনেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা বিভাস রঞ্জন দাস। যদিও তৃণমূল সমর্থিতদের এই ধরণের ব্যবহারকে কটাক্ষ করেছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। তিনি বলেন, “তৃণমূলের কাজই হয়ে গেছে ভালো কাজকে গণ্ডগোল পাকিয়ে পন্ড করে দেওয়া। কেন্দ্রের প্রকল্প গুলো রূপায়ণ হতে দেয় না তৃণমূল। শিষ্টাচার হারিয়ে গেছে ওদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *