কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুন:
ঘাটালের কোন্নগরের বাসিন্দা সাড়ে তিন বছরের খুদে আরাত্রিকা ঘোষের নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে উঠেছে। আজ মঙ্গলবার ঘাটালের বিধায়ক শীতল কপাট আরাত্রিকাকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন। বিধায়ক বলেন, ছোট্ট আরাত্রিকা ঘাটালের নাম উজ্জ্বল করেছে। ভবিষ্যতে আরত্রিকা আরও অনেক রেকর্ডের অধিকারী হবে বলে আশা রাখি। বিধায়ক আরাত্রিকার বাবা মা’সহ পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান। এদিন বিধায়কের পক্ষ থেকে আরাত্রিকার হাতে ফুলের তোড়া সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিধায়ক ছাড়াও ছিলেন বিজেপি নেতৃত্ব অভিজিৎ অধিকারী, শ্রীমন্ত বেরা, শিব শঙ্কর উপাধ্যায়।
আরাত্রিকার বাবা শুভঙ্কর বাবু বলেন, মেয়ের সাফল্যে ঘাটালবাসী হিসেবে আমি গর্বিত এবং ঘাটালের বিধায়ক আমার মেয়েকে আশির্বাদ করতে আসায় ওনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আরাত্রিকার মা বলেন, বিধায়ক আমাদের বাড়িতে এসে মেয়েকে আশির্বাদ করায় খুবই খুশি হয়েছি।
আরাত্রিকা বিধায়ককে বেশ কয়েকটি কবিতা এবং গান শোনায়।

উল্লেখ্য, মাত্র সাড়ে তিন বছর বয়সে আরাত্রিকা ঘোষ,
৫০টি রাইম বাংলা, হিন্দি, ইংরেজিতে না দেখে মুখের ভাব প্রকাশ সহ আবৃত্তি করতে পারে। রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত সহ কুড়িটা গান গাইতে পারে আরাত্রিকা।
এই অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। আরাত্রিকার বাবা শুভঙ্কর ঘোষ চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের শিক্ষক। মা তনুশ্রী ঘোষ গৃহবধূ।
১৫ জুন মেইল মারফত আরাত্রিকার বাবার কাছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে জানানো হয় যে, আরাত্রিকার নাম ওই সংস্থার রেকর্ডে নথিভুক্ত হয়েছে এবং উনিশে জুন আরাত্রিকার বাড়িতে কুরিয়ার মারফত পুরস্কার পৌঁছায়।

