গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৫ আগস্ট: বৃষ্টি থেমে যাওয়ার পর কয়েকদিন কেটে গেলেও এখনও জল কমেনি খানাকুলের বহু এলাকায়। বহু মানুষ ঘর ছেড়েছে। আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।এখনও খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সেখানকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন আরামবাগের এসডিও। সঙ্গে ছিলেন খানাকুল দু’নম্বর ব্লকের বিডিও। সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালালো প্রশাসন। এদিন খানাকুল দু’নম্বর ব্লকের বিডিও নন্দনপুর এলাকা পরিদর্শন করেন এবং আরামবাগের এসডিও মাড়োখানা এলাকায় যান বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। এদিন প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। আধিকারিকদের সঙ্গে ছিল সেনাবাহিনী, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের সদস্যরা।

