রাজেন রায়, কলকাতা, ২২ মার্চ: নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ায় রাজনৈতিক ব্যক্তিদের পুর প্রশাসক পদে রাখতে নারাজ ছিল কমিশন। শনিবারে এই নিয়ে এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়। সেইমতো সোমবার সকালে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়।
ফিরহাদ হাকিমের পরিবর্তে কলকাতা পুরসভার প্রশাসক হলেন রাজ্যের পুরসচিব খলিল আহমেদ। খলিল আহমেদ দীর্ঘদিন পুরসভার কমিশনার ছিলেন। হাওড়া পুরসভার প্রশাসক অভিষেক ত্রিপাঠি, বিধাননগরের প্রশাসক হলেন দেবাশিস ঘোষ। আসানসোল পুরনিগমের নীতীন সিংঘানিয়া, শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে বসানো হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে। এখন থেকে তাঁরাই পুরসভার যাবতীয় দায়িত্ব পালন করবেন।
রবিবার সকালেই কলকাতার পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছিলেন। তাঁর সঙ্গে পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ, দেবাশিস কুমাররাও পদত্যাগ করেছেন। ছুটির দিন হওয়া সত্ত্বেও একইভাবে অন্যান্য পুরসভার প্রশাসকরাও ইস্তফা দিয়েছেন বলে খবর। শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য-সহ অন্যরাও ইস্তফা দিয়েছেন।
বিজেপি অভিযোগ জানিয়ে এসেছিল, নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পরও পুরসভার প্রশাসকরা বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। পুরসভাগুলিকে ব্যবহার করা হচ্ছে ভোটের কাজে। বিরোধী শিবিরের এই অভিযোগের পরই কমিশন জানিয়ে দেয়, সব রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে সোমবারের মধ্যে এই পদগুলিতে বসাতে হবে অরাজনৈতিক ব্যক্তিত্বদের। আর সেই কথা মতই কাজ হল।

