আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: সিবিআই ইডি যাকে খুশি পাঠান মেরুদণ্ড বিক্রি করব না। এতে জেদ দ্বিগুণ হবে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে একটি জন সভায় এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর এই প্রথম প্রকাশ্য জনসভায় অভিষেক। স্বাভাবিক ভাবেই ঠাকুরনগরের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন তা শুনতে মরিয়া হয়েছিলেন তৃণমূল কর্মীরা। মতুয়া-মঞ্চে পা রেখে অভিষেক স্বাভাবিক ভাবেই তোপ দাগলেন নাগরিকত্ব । স্নায়ুর চাপের কোনও চিহ্ন আপাত ভাবে ধরা পড়ল না অভিষেকের চোখেমুখে। বললেন, সিবিআই লাগিয়ে দিন, আপনার জেদের চেয়ে দ্বিগুণ জেদ আমার। গলা চেপে দিলেও জয় বাংলা, জয় হিন্দ স্লোগান তুলব। মেরুদণ্ড বিক্রি করব না।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ রাজ্যে। এ দিন স্বাভাবিক ভাবেই অভিষেকের মুখে শুরু থেকেই ছিল বহিরাগত তত্ত্ব। তিনি বলেন, করোনার সময়ে মমতাবালা ঠাকুররাই ছিলেন মতুয়াদের পাশে, বহিরাগতরা থাকেনি। অভিষেকের বিস্ফোরক অভিযোগ, মতুয়াদের পাঠানো জল অযোধ্যায় নেওয়া হয়নি।
এদিন অভিষেক সভা শুরুই করলেন গুরুচাঁদ হরিচাঁদের নামে জয়ধ্বনি তুলে। অভিষেক প্রথমেই ফেলেন বহিরাগত তাস। বলেন সভা নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি তো এখানকার ভূমিপুত্র বা বহিরাগত নই। মাঠে জল ঢেলে সভা নষ্ট করা যাবে না। ঠাকুরনগরে অভিষেকের সভার অন্য গুরুত্বও রয়েছে। মতুয়া ভোট এবারের বিধানসভা অন্যতম নির্ণায়ক ফ্যাক্টর। তাই এই ভোট পেতে চেষ্টার কসুর করছে না পদ্মশিবির। কিন্তু নাগরিকত্বের দিন তারিখ নিয়ে গড়িমসি নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। এছাড়া সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিতের সংঘাত প্রকাশ্যে আসায় চিন্তার ভাঁজ পড়েছে বিজেপির কপালে। এই পরিস্থিতির পূর্ণ সদব্যবহার চায় তৃণমূল। এই কারণেই আজ অভিষেকের সঙ্গে মঞ্চে উঠে প্রথমেই ব্রাত্য বসু কটাক্ষ করেন কেন্দ্রের নাগরিকত্বের টালবাহানার বিষয়টি তুলে।
অভিষেক সিএএ প্রসঙ্গে বলেন, আপনারা মুখিয়ে ছিলেন, কিন্তু একশো তিরিশ কোটি মানুষের ভ্যাকসিন পেতে দশ বছর লাগবে। তার মানে নাগরিকত্ব নিয়ে ভাঁওতা দিচ্ছে। আপনাদের ভোটার আইডি কার্ড আধার কার্ড রয়েছে বিজেপি আবার পরিচয়পত্র কী দেবে! ওরা তো নির্বাচিত হয়েছে আপনাদের এই নাগরিকত্বের জোরেই, ভোটের মাধ্যমে। আপনারা অবৈধ হলে ওরাও অবৈধ। এ দিন অভিষেক সোনার বাংলা স্লোগানটি নিয়ে কটাক্ষ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢঙেই। তাঁর প্রশ্ন ছিল, কেন সোনার উত্তরপ্রদেশ হল না। আয়ুষ্মান ভারত লাগু করার জন্য বিজেপির মরিয়া ভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শর্তাশর্ত তুলে ধরে বলেন, স্বাস্থ্যসাথী কেন আয়ুস্মান ভারতের চেয়ে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বড়মা বীণাপানি দেবীর সঙ্গে সু-সম্পর্ক রেখেছেন। শান্তনু ঠাকুরের সঙ্গে সংঘাতে মমতার প্রধান সৈনিক মমতাবালা ঠাকুরও পরিশ্রম করছেন দিনরাত।


