পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: মন্ত্রীকে সামনে পেয়ে মেয়েকে বাঁচানোর আবেদন জানিয়ে মন্ত্রীর পা জড়িয়ে ধরলেন পরিবারের লোকজন। শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহর সংলগ্ন কলাগাং এলাকার বাসিন্দা রিঙ্কু রায়ের মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঐদিন রাত এগারোটা নাগাদ তড়িঘড়ি তার অস্ত্রোপচার করা হয়।

মেয়েটির পরিবারের অভিযোগ, কোনো কিছু পরীক্ষা না করিয়েই শুক্রবার রাতে অস্ত্রোপচার করা হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালের দিকে আরও একটি অস্ত্রোপচার করা হয়। আর তারপর থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি বলে অভিযোগ। এই অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় আইসিইউতে। রবিবার ভোরবেলা বাড়ির লোককে জানানো হয় মেয়ের অবস্থা খারাপ। আর তারপরেই বাড়ির লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখান। এদিন সকালে মন্ত্রী বীরবাহা হাঁসদা লালগড়ে গ্যাস সিলিন্ডার ফেটে জখম হয়ে ভর্তি থাকা কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। মন্ত্রীকে কাছে পেয়ে তাদের মেয়েকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি জানিয়ে পা জড়িয়ে ধরেন বাড়ির লোকজন। কান্নায় ভেঙে পড়েন তারা। মন্ত্রী তাদের সান্ত্বনা দেন। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউট পোস্টে লিখিত অভিযোগ জানিয়েছেন অসুস্থ শিশুটির বাড়ির লোকজন।
মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলে বাচ্চাটিকে দেখে এসেছি। তার প্রয়োজনীয় চিকিৎসার কথা হাসপাতাল সুপারকে বলা হয়েছে।

