এবার স্বাস্থ্যসাথী-আধার কার্ড ছাড়াও মিলবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা, জানাল রাজ্য

রাজেন রায়, কলকাতা, ২৩ অক্টোবর: স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে মিলছিল না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। এছাড়াও আধার কার্ড, তপশিলি জাতি উপজাতি শংসাপত্র প্রয়োজনে দেখাতে হত। কিন্তু এবার এসব ছাড়াও মিলবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন।

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যের শিশু সুরক্ষা এবং পরিবার কল্যাণ দপ্তর মহিলাদের প্রত্যেক মাসে ৫০০ টাকা করে এবং এসসি, এসটিদের ক্ষেত্রে হাজার টাকা করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে। ইতিমধ্যে দু মাসের টাকা পেয়ে গেছেন অনেক মহিলাই। স্বাস্থ্যসাথী স্কিমে যারা ইতিমধ্যে নথিভূক্ত রয়েছেন সেই সমস্ত মহিলারাই লক্ষ্মীর ভান্ডার এর সুবিধা পাচ্ছেন শহর এবং গ্রামাঞ্চলে। রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্যজুড়ে বিপুল উৎসাহ তৈরি হয়েছিল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে ভিড় উপচে পড়ে ছিল।

তবে এবার স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড তপশিলি জাতি ও উপজাতির শংসাপত্র ছাড়াও মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। শুক্রবার নারী এবং শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন। তাতে বলা হয়েছে এবার থেকে আবেদনকারীর যদি কার্ড না থাকে তাহলে খতিয়ে দেখা হবে তিনি সেই পরিচয় পত্রগুলি পাওয়ার যোগ্য কিনা। যদি দেখা যায় তিনি আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, তপশিলি জাতি উপজাতি শংসাপত্র পাওয়ার যোগ্য সে ক্ষেত্রে তার লক্ষ্মীর ভান্ডারের আবেদন অনুমোদনের জন্য সুপারিশ করা যাবে। তথ্য যাচাইকরণের দায়িত্বে থাকা আধিকারিকই এই খোঁজখবর নেওয়ার কাজটি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *