জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ মার্চ: টোটো চালিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছেন দাসপুরের অপর্ণা ঘরামি। দড়ি অযোধ্যা গ্রামের মধ্যবয়সী এই উদ্যমী মহিলা মাস চারেক আগে একটি টোটো কেনেন নিজেকে স্বনির্ভর করে তোলার জন্য। টোটো কেনার পর তিনি রানিচক, চাইপাট ও গোপীগঞ্জ এলাকায় যাত্রী পরিবহন শুরু করেন। এক মহিলার টোটোতে যাতায়াত করার জন্য এলাকার মহিলাদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়।
গোপীগঞ্জ এলাকার মাধুরী দাস নামে এক যাত্রী জানান, একজন মহিলার টোটোতে যাতায়াতের ক্ষেত্রে একজন মহিলার অনেক সুবিধা ও সুরক্ষা রয়েছে। তাই আমরা অপর্ণা দেবীর টোটো চেপেই যাতায়াত করি।

অপর্ণা দেবী জানিয়েছেন, রোজগার করে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি এই টোটো কিনেছেন। ভিন রাজ্যে ছোট কারখানায় কাজ করা স্বামীকে প্রথমে অপর্ণা দেবী একটি মারুতি চালানোর কথা বলেন। কিন্তু তার স্বামী তাতে রাজি হননি। পরিবর্তে তিনি টোটো চালানোর পরামর্শ দেন। সেইমতো স্বামীর সহমতে মাস চারেক আগে একটি টোটো কিনে চালানো শুরু করেন। অপর্ণা দেবী বলেন, গত বছর তিনি মুম্বাই গিয়েছিলেন একটি বিশেষ কাজে। সেখানে তিনি একটু মফস্বলে যাওয়ার জন্য ট্রেকারে ওঠেন এবং দেখেন একজন মহিলা সেই ট্রেকার চালিয়ে নিয়ে যাচ্ছেন। এছাড়াও মুম্বাইতে তিনি অ্যাম্বুলেন্স এবং বাস চালাতেও দেখেছেন মহিলাদের। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন শহরের মেয়েরা যদি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে তাহলে গ্রামের মহিলারা কেন তা পারবে না? সেজন্য তিনি সিদ্ধান্ত নেন প্রাথমিকভাবে একটি টোটো চালিয়ে রোজগার শুরু করবেন পরে মারুতি চালাবেন। অপর্ণা দেবী জানিয়েছেন, প্রতিদিন তিনি চার থেকে পাঁচশো টাকা রোজগার করছেন। তিনি চাইছেন তাকে দেখে গ্রামাঞ্চলের মেয়েরাও এগিয়ে আসুক। রোজগার করে সংসারে স্বাচ্ছন্দ নিয়ে আসুক।

