আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৩ ফেব্রুয়ারি: “অনুব্রত মণ্ডল আমাকে ফোন করেনি। আমি বিকাশবাবু নই। বিকাশ দা আমাকে বলেনি। কাজল শেখ বলেছে। এই তিনটে চরিত্রের মধ্যে আমি নেই। ফলে আমি বলতে পারব না কে কাকে ফোন করেছিল। আদৌ ফোন করেছিল কি না। তবে আমি কাজলের সঙ্গে কথা বলব। কেন মান অভিমান হচ্ছে জানার চেষ্টা করব”।

সোমবার বীরভূমের মাড়গ্রামে এসে তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের মন্তব্যের এভাবেই জবাব দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। প্রসঙ্গত চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মাড়্গ্রামের হাসপাতাল পাড়ায় বোমায় মৃত্যু হয় নিউটন শেখ ও লাল্টু শেখ নামে দুই তৃণমূল কর্মীর। তাদের পরিবারের পাশে দাঁড়াতে এদিন মাড়গ্রামে যান শতাব্দী রায়, দলের রামপুরহাট ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়। তিনি নিহতদের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, “দুটি তরতাজা প্রাণ চলে গিয়েছে। ফলে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। নিউটনের বড় মেয়ে রয়েছে। তার চাকরির বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব। লাল্টুর স্ত্রীর বিষয়েও আলোচনা করব। আর নিহতদের পরিবারের দাবি, দোষীদের শাস্তি হোক। আমি পুলিশের কাছে অনুরোধ করব যে, নিহতদের পরিবারের আইনের উপর আস্থা রাখছে। ফলে যাদের নাম উঠে আসছে তাদের দ্রুত গ্রেফতার করুন”।


