বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন অনুসূয়া রায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ আগস্ট: বাকুঁড়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন অনুসূয়া রায়। পূর্বতন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মুর স্হলাভিষিক্ত হলেন অনুসূয়াদেবী। আজ সকালে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে বিজয়ী ৫৫জন সদস্যের সাথে বৈঠকে বসেন তৃণমূলের জেলা নেতৃত্ব। সেই বৈঠকে সভাধিপতি ও সহ সভাধিপতি পদে মনোনয়ন চূড়ান্ত হয়।তৃণমূলের জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র একথা ঘোষণা করেন। তারপরই অনুসূয়া দেবী সদলবলে শহরের কয়েকটি মন্দিরে পুজো দেন। পুজো পর্ব সেরে জেলা পরিষদ ভবনে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করে দায়িত্ব ভার গ্ৰহণ করেন।

৫৬ আসন বিশিষ্ট বাকুঁড়া জেলা পরিষদ নির্বাচনে তৃণমূল ৫৫টি আসন লাভ করে। বিজেপি একটি মাত্র আসন পায়। জেলা পরিষদে সভাধিপতি পদটি এবার মহিলা সংরক্ষিত। সেই কারণেই সভাধিপতি পদে দল কাকে মনোনীত করে তা নিয়ে তুমুল চর্চা চলে তৃণমূলের অন্দরে। অবশেষে আজ সেই চর্চার পরিসমাপ্তি ঘটে অনুসূয়াদেবীর মনোনয়নে।

অনুসূয়াদেবী তালডাংরা ২৮ নং আসনে ১৩,৬৭৯ ভোটে জয়ী হন। তিনি তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়ের স্ত্রী। ইতিপূর্বে তিনি তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি পদ সামলেছেন। বাম আমলে সিপিএমের দোর্দণ্ড প্রতাপ অমিয় পাত্রর খাস তালুক হিসেবে পরিচিত তালডাংরায় তৃণমূলের সংগঠন শক্তিশালী ও মজবুত করার পিছনে রায় দম্পতির বিশেষ ভূমিকা রয়েছে বলে দলীয় নেতাকর্মীদের অভিমত। তারই স্বীকৃতি মিললো বলেও তাদের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *