পার্থ’র পর এবার অনুব্রত! তদন্তের গতি বাড়াতে কলকাতায় আরও ২০ ইডি আধিকারিক, বিশাল টিম নিয়ে কাজের পরিকল্পনা

আমাদের ভারত, ২৪ আগস্ট: রাজ্যে একাধিক দুর্নীতির তদন্তে গতি বাড়াতে কলকাতায় আরও ২০ ইডি অধিকারিককে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন আধিকারিকরা।

সূত্রের খবর, চলতি সপ্তাহেই আরও বেশ কয়েকজন ইডির তদন্তকারী আধিকারিক দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছাবেন। পার্থর পর এবার অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি বলে খবর।

যে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে তা তদন্তের প্রক্রিয়ায় গতি বাড়াতে আরো বড় টিম তৈরি করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে দিল্লি থেকে আরও ইডি গোয়েন্দাদের কলকাতায় পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচারের মতো একাধিক অভিযোগ উঠে এসেছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন বড় বড় নেতারা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যিনি এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন।

অন্যদিকে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাকেও ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আসানসোল আদালত। তাকে আসানসোল জেলে রাখা হয়েছে।

গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিল এনামুল হক। তাকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। এবার শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডলকেও নিজেদের হেফাজতে নিতে পারে তারা।

মঙ্গলবার রাতে ইডি’র ২০ আধিকারিক কলকাতায় আসার পর বুধবার দুপুরে সব আধিকারিককে নিয়ে একটি বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, আগামী দিনে তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোবে সে বিষয়টি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।

মূলত আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনায় তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্রেই এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি এবং গ্রেপ্তার হন তারা দু’জন। এবার অনুব্রত মণ্ডলকেও নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *