‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছেন অনুব্রত’, বন্ধ ঘরের কর্মিসভায় বিস্ফোরক ফিরহাদ

রাজেন রায়, কলকাতা, ২৪ মার্চ: প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই কারণে টিকিট পাননি মইনুদ্দিন শামস। কর্মিসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ফিরহাদ হাকিম।

গত সোমবার কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কর্মিসভায় যোগ দেন ফিরহাদ হাকিম। সেখানে তৃণমূল নেতা মইনুদ্দিনের ভাই নিজামুদ্দিনকে পাশে বসিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। সম্প্রতি সেই কর্মিসভার একটি ভিডিও প্রকাশ্যে এলে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।

ভিডিওতে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম মাইক হাতে কর্মীদের উদ্দেশে কিছু বলছেন। তাতে শোনা যায়, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলাম। আমি নিজেই জানতাম না প্রার্থী তালিকায় ওঁর নাম নেই। তালিকা বেরনোর পর যখন দেখলাম ওঁর নাম নেই, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করি এটা কী হল? তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরে অনুব্রত আমাকে ব্ল্যাকমেল করেছে। জবরদস্তি ওঁর নাম কেটে দিয়েছে। আমি কী করব। আমি বললাম, আপনি আমাদের সবার নেত্রী। আপনি না করতে পারলে কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন, আমাকে সবাইকেই সামলে চলতে হয়। সবার মন রাখতে হয়। এই আফসোস আমারও। এক ভালো মানুষ, কোনও ঝামেলায় যাননি, তিনি টিকিট পেলেন না।”

মইনুদ্দিন শামস বলেন, ফিরহাদ হাকিম যা বলছেন, ওঁ দায়িত্ববান মানুষ তাই বলেছেন। আমি কী বলব এ ব্যাপারে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তো ভিতরের লোক বলতে পারব না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটির লোক যিনি, তিনি এ কথা বলছেন। তাঁর ওপরে কী বলব।” নলহাটি বিধানসভা কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন বলে জানান এ দিন জানান মইনুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *