জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মার্চ:
যুদ্ধের বিরুদ্ধে, শান্তির দাবিতে মিছিল হলো মেদিনীপুর শহরে।মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দের উদ্যোগে “বিশ্বমানবতার পক্ষে আমরা সবাই, যুদ্ধ নয়, শান্তি চাই” আহ্বানে শনিবার বিকেলে মেদিনীপুর শহরের রাজপথে মিছিল হল। এদিন মেদিনীপুর কলেজ গেট থেকে শুরু হওয়া মিছিল ক্ষুদিরাম মোড় হয়ে গান্ধী মূর্তির কাছে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ পরে মোমবাতি ও যুদ্ধবিরোধী নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন।

মিছিলে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা লেখিকা রোশেনারা খান, মিছিলের উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ, সঙ্গীতজ্ঞ জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, নৃত্য শিল্পী সবিতা মিত্র সাহা, বেলদার শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র সহ সমাজের বিভিন্ন অংশের এবং মেদিনীপুর শহরের নাগরিক বৃন্দ।
বিশিষ্ট লেখিকা রোশেনারা খান বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। একবিংশ শতাব্দীতে সভ্য সমাজে যুদ্ধ জিনিসটা না থাকলেই ভালো।
আজকের মিছিলের মূল উদ্যোক্তা সমাজকর্মী সঙ্গীতা সিংহ বলেন, “যুদ্ধ মানেই ধ্বংস, যেটা কখনই কাম্য নয়। আমরা সকলেই বিশ্ব মানবতার পক্ষে।”

