“তৃণমূল বিরোধী ভোট বামেদের দিকে চলে যাবে,” কর্ণাটকের ফলাফলের পর বঙ্গ বিজেপিকে সতর্ক করলেন তথাগত রায়

আমাদের ভারত, ১৫ মে: কর্ণাটক ভোটের ফলাফল থেকে শিক্ষা নিতে হবে। বঙ্গ বিজেপিকে সতর্ক করতে গিয়ে তথাগত রায় আশঙ্কা প্রকাশ করেছেন পদক্ষেপ না করলে তৃণমূল বিরোধী ভোট বামেদের দিকে চলে যাবে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অভিযোগ,
২০২১ এর ভোটে দুর্নীতিবাজদের হাতে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই ভালো ফল করতে আগামী নির্বাচনে দলের বাইরে রাখতে হবে চোর বদমাইশদের।

কর্ণাটকের নির্বাচনে একাধিক ইস্যুর মধ্যে সবচেয়ে বড় ইস্যু ছিল দুর্নীতি। জাতীয় স্তরের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন কর্ণাটকের ফলাফলের পেছনে এটা অন্যতম কারণ। আর সেই কর্ণাটকের ফলাফলকে সামনে রেখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, কর্ণাটকে পরাজয় কোনো আশ্চর্যের বিষয় নয়। তবে ২০২৪ সালের লোকসভার জন্য এটা একটা শিক্ষা। বঙ্গ বিজেপির প্রসঙ্গে তাঁর অভিমত, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছিল। কারণ, দলের দায়িত্ব দেওয়া হয়েছিল একগুচ্ছ দুর্নীতিবাজ এবং একাধিক মহিলা সংসর্গে থাকা ব্যক্তিদের। তাঁর আরও অভিযোগ, বাংলার সঙ্গে বিজেপি সংযোগ তৈরীর ক্ষেত্রে কখনো গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহের দপ্তর।

বিজেপির এই প্রাক্তন সভাপতি বলেন, “এই হারটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ২০২৪ এর জন্য দলকে তৈরি হতে হবে। ২০২১ সালে বিজেপি যে ভুল করেছিল পশ্চিমবঙ্গে, ভুল পদক্ষেপ নিয়েছিল সেগুলো শুধরোবার জন্য তৈরি হতে হবে। তাঁর মতে প্রতিপক্ষের মুখ সামনে আনা উচিত ছিল। বিশেষ করে যখন অন্য তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত শক্তিশালী নেতা আছেন তখন এটা নিয়ে মানুষের মনে ধোঁয়াশা থেকে যায়।

তাঁর আরও অভিযোগ, দুর্নীতিবাজ বা নারী মাংস লোলুপদের প্রভাব প্রার্থী নির্বাচনেও পড়েছিল। ফলে সেই প্রার্থীরা হেরেছে তো বটেই তারপর তারা দল ছেড়ে অন্য দলে চলে গেছে।

এরপরই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তৃণমূল বিরোধী ভোটটা বামেদের দিকে চলে যাবে। সেটা এখন প্রথাগত ভাবে বিজেপির দিকে আসছিল অথবা কিছু কংগ্রেসের কাছে যাচ্ছিল। এটা বামেদের দিকে চলে যাবে যদি না তাড়াতাড়ি পদক্ষেপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *