আমাদের ভারত, ৯ এপ্রিল: শ্রীনগরের বিখ্যাত জামা মসজিদের ভেতরে দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। নমাজ শেষে সেখানে উপস্থিত একদল ব্যক্তি ওই স্লোগান দিয়েছে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ছিল রমজান মাসের প্রথম নমাজ। ওই দিন বিকেলে জানা যায় জামা মসজিদে উপস্থিত কয়েকজন আজাদি স্লোগান দিয়েছেন। করোনা পরিস্থিতিতে দীর্ঘ দু’বছর এই মসজিদ বন্ধ ছিল। এরপর গত মাসে মসজিদের দরজা খুলে দেওয়া হয়। শ্রীনগর পুলিশ জানিয়েছে দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আসতেই বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু হয়। প্রধান অভিযুক্ত বরসত নবি ভাট সহ অন্য ১৩ অভিযুক্তকে আটক করে জেরা করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় পাক যোগের দাবি করেছে পুলিশ। প্রধান অভিযুক্তকে পাকিস্তান থেকে পরিচালিত কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে মসজিদের ভিতরে নামাজের পরে এই উস্কানি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। স্বর্গরাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট করাই এর প্রধান উদ্দেশ্য ছিল।
জামা মসজিদ শ্রীনগরে সবচেয়ে বড় মসজিদ। শ্রীনগরের ধর্মীয় ও রাজনৈতিক দুই দিক থেকেই এই মসজিদের গুরুত্ব যথেষ্ট। পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রও বটে এই মসজিদ। শুক্রবার এই ঘটনার পেছনে আরও কেউ যুক্ত কিনা তা জানতে তদন্ত চলছে।

