আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: ভারত সন্তদের দেশ, সান্তার নয়। বড়দিন উদযাপন করতে গিয়ে হিন্দু পড়ুয়াদের সান্তা ক্লজ সাজানো যাবে না। মধ্যপ্রদেশের স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের চিঠি লিখে এমনই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের অভিযোগ, এভাবেই হিন্দু সংস্কৃতির উপর আঘাত আনা হচ্ছে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভূপালের স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীদের সান্তা সাজানো হয়েছে, বাড়ি থেকে তাদের ক্রিসমাস ট্রি আনতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে, সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই চিঠিতে তারা লিখেছে, এই বিষয়টি আসলে হিন্দু সংস্কৃতির ওপর আঘাত। খ্রিস্ট ধর্ম সম্পর্কে হিন্দু পড়ুয়াদের অনুপ্রাণিত করার ষড়যন্ত্র চলছে।
মিশনারি নয় এমন স্কুলে কেনো বড়দিন উদযাপন করা হচ্ছে? তা নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের অভিযোগ বাচ্চাদের সান্তা সাজিয়ে স্কুলগুলি আসলে খ্রিস্টান ধর্মের প্রচার করছে। অভিযোগের সুরে তারা লিখেছে, “ভারত সন্তদের দেশ, সান্তার নয়। আমাদের হিন্দু বাচ্চাদের রাম সাজা উচিত, কৃষ্ণ সাজা উচিত। গৌতম বুদ্ধ, মহাবীর, গুরু গোবিন্দ সিং সাজা উচিত। সকলের বিপ্লবী মহান ব্যক্তি হওয়া উচিত। কিন্তু সান্তা কখনোই হওয়া উচিত নয়।”
একইসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের আরো হুঁশিয়ারি, অভিভাবকদের অনুমতি ছাড়া কোন পড়ুয়াকে সান্তা সাজানো হলে সেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেবে তারা।

