অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ জুন:
রবিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আবগারি দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে মাদক বিরোধী সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় সামিল হয়েছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলাশাসক সুনিল আগরওয়াল, ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো, আবগারি দপ্তরের আধিকারিক, ঝাড়গ্রাম পুলিশের উচ্চপদ আধিকারিকরা ওই পদযাত্রায় সামিল হয়েছিল। সেই সঙ্গে সুদৃশ্য ট্যাবলো ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদক সেবনের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য প্রচার করে।

মাদক বিরোধী সচেতনতা পদযাত্রা থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার বলেন, ঝাড়গ্রাম শহরকে মাদকমুক্ত শহর গড়ে তোলার জন্য মাদক সেবনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। মাদক বিক্রির বিরুদ্ধে তিনি সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য মাদক বিরোধী সচেতনতা মূলক এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

