‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভ পথ অবরোধ পুরুলিয়ায়, পুলিশের মৃদু লাঠি চার্জ

সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুন: চুক্তি সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভের আঁচ পৌঁছল পুরুলিয়াতেও। পুরুলিয়া শহরের কাছে বোঙ্গাবাড়ি গ্রামের কাছে সড়ক অবরোধ করেন শতাধিক যুবক। ব্যস্ততম পুরুলিয়া- বরাকর ওই রাজ্য সড়ক অবরোধের ফলে দুই প্রান্তে আটকে পড়ে প্রচুর যান বাহন।

জাতীয় পতাকা হাতে নিয়ে ভারত মাতার জয়ধ্বনি দিয়ে বিক্ষোভ দেখান বেশ কিছু পলিটেকনিক ছাত্র। পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য বার বার অনুরোধ করে। কিন্তু বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা হয়। পুলিশের উপর আক্রমণাত্মক আচরণ দেখালে অবরোধ তুলতে কড়া হাতে মোকাবিলা করে। পরিস্থিতি উত্তপ্ত দেখে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকি দত্ত, আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠি চালায়। তার পরই রাস্তা অবরোধ উঠে যায়। পুলিশ কয়েকজন রাস্তা অবরোধকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে অবরোধকারীরা প্রতিবাদ করে বলেন, “সেনা নিয়োগ হলে তার প্রকৃত সন্মান থাকছে না এই প্রকল্পে। বেকার যুব সমাজের দুর্বলতার সুযোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যেটা অমানবিকও বটে।”
কেন্দ্রের এই প্রকল্পের জেরে সারা দেশে আগুন জ্বলছে বলে জানান প্রদেশ কংগ্রেস নেতা নেপাল মাহাতো। তিনি বলেন, “কেন্দ্র সরকার যুব সমাজকে নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে। কেন্দ্রের নীতির জেরে সাধারণ মানুষেরও জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *