ফের ট্রলার ডুবি বঙ্গপোসাগরে, নিখোঁজ দশ মৎস্যজীবী

আমাদের ভারত, নামখানা, ২৪ জুলাই: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রলার। চরায় ধাক্কা মেরে মাঝ সমুদ্রে ডুবে যায় এফবি হৈমবতী নামের ট্রলারটি। বারো জন মৎস্যজীবী জলমগ্ন হলেও দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত। বাকি দশজন মৎস্যজীবী নিখোঁজ। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের রক্তেশ্বরী চরের কাছে। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

দিন পনেরো আগে দক্ষিণ ২৪ পরগনার নামখানার দশ মাইল এলাকা থেকে এই ট্রলারটি বারোজন মৎস্যজীবীকে নিয়ে গিয়েছিল বঙ্গোপসাগরে ইলিশ ধরতে। এদিন সকালে যখন তাঁরা ফিরছিলেন, ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। পাশে থাকা অন্য ট্রলারের তৎপরতায় উদ্ধার হয় দুজন। কিন্তু বাকি মৎস্যজীবীদের কোনও খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ ও কোস্টগার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। কিন্তু সমুদ্রে প্রচণ্ড ঢেউের ফলে নিখোঁজ কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য চারটি ট্রলারের সাথে দড়ি দিয়ে বেঁধে ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে।

কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতি বলেন, “বুধবার সকালে ফেরার সময় প্রতিকূল আবহাওয়ার কারনে চরায় ধাক্কা খেয়ে এফবি হৈমবতী নামের ট্রলারটি ডুবে যায়। বারো জনের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।” কোস্টগার্ডের আধিকারিক অভিজিৎ দাসগুপ্ত বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি। তবে এখনও পর্যন্ত নিখোঁজ কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *